চট্টগ্রামে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সামনে এস আলম পরিবহন কাউন্টারে গতকাল শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটেছে। বাসের টিকিট কাটা নিয়ে বিতণ্ডার জের ধরে এ হামলার পর চট্টগ্রাম-কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ যাত্রাপথে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
হামলার জন্য বাসের মালিক-শ্রমিকেরা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে মো. সিফাত নামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চকরিয়ায় যাওয়ার জন্য এস আলম কাউন্টারে যান। বাসের পেছনের দিকের আসন পাওয়ায় তিনি টিকিট না করে ফিরে যান। কিন্তু ১০ মিনিট পর আবার টিকিটটি নিতে এলে ততক্ষণে তা বিক্রি হয়ে যায়। এ নিয়ে কাউন্টারের কর্তব্যরত কর্মকর্তা মো. কাউছারের সঙ্গে তাঁর প্রথমে বাদানুবাদ ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এস আলম কাউন্টারের ব্যবস্থাপক খোরশেদ আলম চৌধুরী অভিযোগ করেন, ওই ঘটনার কিছুক্ষণ পর নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ারকে সঙ্গে নিয়ে সিফাত এবং অন্তত ১৫ যুবক এসে কাউন্টারের কর্মকর্তা ও পরিবহনশ্রমিকদের মারধর শুরু করেন। এতে কাউন্টারের কর্মকর্তা মো. কাউছার আহত হন। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান খোরশেদ আলম।
ঘটনার পর মালিক ও শ্রমিক সংগঠনগুলো একজোট হয়ে বেলা পৌনে ১১টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি যাত্রাপথে বাস চলাচল বন্ধ করে দেয়। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েন হাজার হাজার যাত্রী।
বহদ্দারহাট বাস টার্মিনাল, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ পিকআপ, মাইক্রোবাস কিংবা টেম্পোযোগে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কাউন্টারে, টার্মিনালের আশপাশে যাত্রীদের বসে থাকতে দেখা যায়। পরে বেলা পৌনে তিনটার দিকে বাস চলাচল শুরু হয়।
বেলা দেড়টার দিকে চান্দগাঁও বাস কাউন্টারে গিয়ে দেখা হয় হাটহাজারীর ব্যাংক কর্মকর্তা জাকিরুল ইসলামের সঙ্গে। জাকিরুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টা থেকে দাঁড়িয়ে আছি। কক্সবাজারে যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছি না।’
চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘থানার ওসির সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হয়েছে। তিনি মামলা নিয়ে দোষীদের গ্রেপ্তার করবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপর আমরা আবার বাস চলাচল শুরু করেছি।’
তবে হামলার ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতা মঈন শাহরিয়ার নিজের এবং ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সিফাত ও আমি চান্দগাঁওয়ে একই এলাকার বাসিন্দা। আমি হইচই হচ্ছে শুনে বের হয়ে সেখানে গিয়েছিলাম।’
জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, টিকিট নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু যুবকের সঙ্গে কাউন্টারের লোকজনের ঝামেলা হয়। পুলিশ সেটা মিটিয়ে দিয়েছে। পরে তাঁরা কিছুক্ষণ বাস চলাচল বন্ধ রাখেন। তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগ কি না আমি জানি না। এরা সম্ভবত স্থানীয় বাসিন্দা। যদি কেউ মামলা করে, আমরা ব্যবস্থা নেব।’