চট্টগ্রামে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করেন সদরঘাট এলাকার ব্যবসায়ী আবদুর রশিদ। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন নগরের সদরঘাট থানার এসআই মো. শাহজাহান ও মো. নাজির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শিমুল এবং কনস্টেবল আলমগীর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৭ জানুয়ারি মাঝিরঘাট এলাকায় একটি ট্রাক থেকে সার নামানোর সময় এসআই শাহজাহান ও কনস্টেবল আলমগীর সাদাপোশাকে এসে বাধা দেন এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা না দেওয়ায় তাঁরা বাদী ও তাঁর ছেলে রমজান আলীকে মারধর শুরু করেন। মারতে মারতে তাঁদের থানায় নিয়ে যান। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রমজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। আর বাদীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পাঁচ দিন পর রমজান হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যান।
এ বিষয়ে জানতে চাইলে এসআই মো. নাজির গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আবদুর রশিদ চোরাই মালের ব্যবসা করে। তাকে আমরা চাপের মধ্যে রাখি। তার কাছে কোনো চাঁদা দাবি বা মারধর করিনি। আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে।’