চট্টগ্রামে চিকিৎসক দম্পতির বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের আকবর শাহ থানাধীন আকবর শাহ হাউজিং সোসাইটির এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যে চুরির এ ঘটনা ঘটে।

চোরেরা ১২-১৩ ভরি স্বর্ণালংকার, হীরার চারটি আংটি ও লকেট, প্রায় ৮০ হাজার টাকা, ভারতে যাওয়ার জন্য সংগ্রহ করা ৩৫ হাজার রুপি, একটি দামি মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের দাবি।

এই চিকিৎসক দম্পতি হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাত, ব্যথা ও প্যারালাইসিস বিভাগের কনসালট্যান্ট মোহাম্মদ মঈন উদ্দীন ও চর্মরোগ বিশেষজ্ঞ নুসরাত সুলতানা। তাঁরা বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। একমাত্র শিশুসন্তান ও গৃহকর্মীকে নুসরাত সুলতানার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

নুসরাত সুলতানা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী হাসপাতাল ও চেম্বারে রোগী দেখে রাত নয়টায় বাসায় গিয়ে তালা খোলা পান। বাসার ভেতরে ঢুকে দেখেন সব কক্ষের মালপত্র তছনছ। সব বাতি জ্বালানো। তিনি বলেন, ‘আমাদের ভারতে যাওয়ার প্রস্তুতি আছে। এ কারণে ভারতীয় মুদ্রা এনে রেখেছিলাম। এ ছাড়া হীরার অলংকার, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে।’

আকবর শাহ থানার ওসি সদীপ দাশ বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।