চট্টগ্রামে চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখছেন না
চট্টগ্রামে চিকিৎসকেরা আজ বুধবার বিকেল থেকে চেম্বারে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। এর আগে তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও না করার ঘোষণা দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম শাখা বিএমএ’র এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে তিন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
চিকিৎসায় অবহেলার কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে চমেক হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামীমা সিদ্দিকী ও তাঁর স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে একই দিন চমেক হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়।
বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান প্রথম আলোকে বলেন, এই দুটি মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস এবং প্রাইভেট অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দুপুরে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখব। এ ছাড়া অপারেশনও করা হবে না। তবে সরকারি হাসপাতালে সেবাদান অব্যাহত থাকবে। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’
এর আগে ২০১৩ সালের জুন মাসে রোগীদের জিম্মি করে অনুরূপ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। সেবার চমেক হাসপাতালের অপর দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা হয়েছিল।