চট্টগ্রামে চুরি হওয়া শিশু রাজশাহীতে উদ্ধার
চট্টগ্রাম থেকে চুরি হওয়া নয় মাস বয়সের একটি শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বুলনপুর এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শারমিন আক্তার নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশুর নাম মোহাম্মদ শাহ। তার বাবার নাম ইসমাইল হোসেন। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। শিশুটির বাবা পেশায় দরজি।
পুলিশ জানায়, সন্ধ্যায় নগরের বুলনপুর এলাকা থেকে শারমিন আক্তারের কাছ থেকে শিশুটি উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম শফিকুল ইসলাম। তিনি হাটহাজারীতে দরজির কাজ করতেন।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ২৭ দিন আগে ইসমাইলের বাড়ি থেকে শারমিন শিশুটি চুরি করে। এ ঘটনায় ১৮ ডিসেম্বর হাটহাজারী থানায় একটি মামলা হয়।
ওসি জানান, শিশুটি উদ্ধারের খবর তার মা-বাবাকে জানানো হয়েছে। তাঁরা রাজশাহীতে এলে শিশুটি তাঁদের কাছে দেওয়া হবে।