চট্টগ্রামে ছররা গুলিতে বিদ্ধ এক শিশু
চট্টগ্রাম নগরের বাকলিয়ার আফগান মসজিদ এলাকায় ছররা গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়েছে ইমন হাসান (১৩) নামে এক শিশু। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে সে ছররা গুলিতে বিদ্ধ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ইমন হাসান বাকলিয়ার বউবাজার এলাকার মৃত কবির আহমদের ছেলে। তার মায়ের নাম আয়েশা বেগম। সে আন্দরকিল্লায় একটি ছাপাখানায় কাজ করে। আন্দরকিল্লা থেকে বাসায় ফেরার পথে ইমন দুই পক্ষের মারামারির মাঝখানে পড়ে বলে মা আয়েশা বেগম জানান।
ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার মাথা, বুক, পেট, মুখ, হাত ও পায়ে স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। বিভাগের সহকারী রেজিস্ট্রার রাখাল চন্দ্র বড়ুয়া বলেন, ‘শিশুটির সারা গায়ে স্প্লিন্টার রয়েছে। মাথায় রয়েছে। এখন এক্স-রে করে দেখতে হবে স্প্লিন্টার কতটা ভেতরে ঢুকেছে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, আজ সকালে এলাকায় আধিপত্য বিস্তার এবং জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে মো. বাবুল ওরফে কিরিচ বাবুলের সঙ্গে আরিফ ও জসীমদের মারামারি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। শিশু ইমন ওই পথ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মারামারির মধ্যে পড়ে গুলিতে আহত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ইমন যন্ত্রণায় ছটফট করছে। তার মা আয়েশা বেগম কাঁদতে কাঁদতে বলেন, তিনি মসলা বাটার কাজ করেন। কর্মস্থল থেকে ফেরার সময় ছেলে দুই পক্ষের গোলাগুলিতে পড়ে।