চট্টগ্রামে ছাত্রদলের মিছিলে লাঠিপেটা, আটক ১০
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একাংশের মিছিলে গতকাল বুধবার বিকেলে পুলিশ লাঠিপেটা করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিলটি বের করা হয়। এ সময় পুলিশ ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিল বের করার জন্য বেলা আড়াইটা থেকে নগরের কাজীর দেউড়িতে অ্যাপোলো শপিং মলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের মিছিল বের না করার অনুরোধ জানায়। কিন্তু এর পরও মিছিলটি কাজীর দেউড়ি থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবনের উদ্দেশে বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এ এইচ রাশেদ খান। মিছিলটি কিছু দূর এগোতেই পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে গাড়িতে তোলে।
নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এ এইচ রাশেদ খান বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিলটি করা হবে বলে পুলিশকে আশ্বস্ত করেছিলাম। তার পরও বিনা উসকানিতে পুলিশ পেছন থেকে লাঠিপেটা করেছে।