চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে হাটহাজারী থানার পুলিশের দেওয়া অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেছেন। সেখানে এখনো পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি।
গত ৭ মে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় একটি ভোটকেন্দ্রে পিস্তল ও সাতটি গুলিসহ নুরুল আজিম রনিকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে এ ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এ ছাড়া ভোটের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নুরুল আজিমকে। সেই সাজা বহাল আছে।