
চট্টগ্রাম কলেজে গত বুধবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা সেই যুবকের পরিচয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, ওই যুবক চট্টগ্রাম কলেজের ছাত্র নন। সেদিন কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের দুই পক্ষে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। তখন গুলির শব্দ শোনা যায়।
চকবাজার থানার ওসি নুরুল হুদা গতকাল সন্ধ্যায় বলেন, অস্ত্র প্রদর্শনের ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে। কার অস্ত্র থেকে গুলি বের হয়েছে, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত মঙ্গল ও বুধবার সংঘর্ষ হয়। এর মধ্যে বুধবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি এম কায়সার উদ্দিন ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা মো. ওবায়দুল হকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে কায়সার উদ্দিনের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেন ওবায়দুলের অনুসারীরা। পরে ওবায়দুলের অনুসারীরা বেলা দেড়টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। তখন কলেজের পাশেই তাঁদের ওপর হামলার চেষ্টা করেন কায়সারের অনুসারীরা। এ সময় দুটি গুলির শব্দ শোনা যায়। অস্ত্র হাতে এক যুবককেও দেখা যায়।
সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই পক্ষই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। গতকাল বেলা একটার দিকে কলেজে মিছিল করেন ওবায়দুলের অনুসারীরা। অন্য পক্ষের কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি।