চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের 'গোলাগুলি'
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চট্টগ্রামের নিউ মনসুরাবাদ এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি হয়েছে। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আদালতের রায়কে স্বাগত জানিয়ে গতকাল দুপুরে উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি নিউ মনসুরাবাদ এলাকায় পৌঁছালে হঠাৎ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে উত্তর কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগের নেতা স্বর্ণেন্দু বিকাশ এবং মোস্তফা হাকিম কলেজের ছাত্র জাবেদ, সানজিদ ও বাবুকে আটক করে। তাঁরা নগর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন ওরফে টিটুর অনুসারী হিসেবে পরিচিত।
নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া কিংবা গোলাগুলি হয়নি দাবি করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনি প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায়কে স্বাগত জানিয়ে মিছিল বের করেছিল ছাত্রলীগ। কিন্তু শিবিরের মিছিল ভেবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে।’
তবে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, গোলাগুলির কথা শোনা গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর কোনো আলামত পায়নি।