চট্টগ্রামে ছাত্রলীগের নেতার নামে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ব্যাংক ব্যবস্থাপকের কাছে স্বাধীনতা দিবসের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. নঈমুদ্দিন, শেখ রিয়াসাতুর রহমান ও ইমরুল হোসেন। গতকাল সোমবার বিকেলে নগরের হালিশহরে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে জানান, হালিশহর জি ব্লকের ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপককে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদের পরিচয় দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন নঈমুদ্দিন। ব্যাংক থেকে ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে ৫০ হাজার টাকা চেয়ে কাউকে পাঠানো হয়নি বলে জানানো হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ বিকেলে টাকা নিতে আসতে বলেন তাঁদের। নঈমুদ্দিন ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে টাকার জন্য ঢুকলে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ব্যাংকের বাইরে থাকা বাকি দুজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিন যুবক ছাত্রলীগের কেউ নন জানিয়ে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ জানান, কিছুদিন ধরে তাঁর নাম ভাঙিয়ে নগরের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন লোকজনের কাছে টাকা দাবি করছেন কিছু যুবক। কিন্তু তাঁদের ধরা যাচ্ছিল না। হালিশহরে ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখায় ৫০ হাজার টাকা দাবি করতে গেলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিন যুবকের মধ্যে দুজন বেকার। একজন পোশাক কারখানায় কাজ করেন। এ ঘটনায় নগর ছাত্রলীগের সভাপতি বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন।