চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে গুলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের মিছিলকে লক্ষ্য করে আজ শনিবার বেলা একটার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গুলি ও পাথর ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। তবে পুলিশ বলছে, গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেন, মিছিলে গুলি ছোড়ার ঘটনার পরপরই চকবাজারের কলেজ সড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পাশের বিপণিকেন্দ্র ও দোকান বন্ধ হয়ে যায়। ছাত্রশিবির কর্মী সন্দেহে দুজনকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।

চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে চকবাজারের গুলজার মোড়ে যাচ্ছিলেন। কলেজ সড়ক পার হওয়ার সময় পাশের চারতলা ভবন থেকে মিছিল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি গুলিও ছোড়া হয় ওই ভবন থেকে। পাথরের আঘাতে মাহমুদুল করিম নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। তিনি এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেন।

কলেজ সড়ক এলাকার তিন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের মিছিলটি কলেজ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গুলির আওয়াজ শুনতে পান তাঁরা। এরপর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ভয়ে দোকানের শাটার ফেলে দেন।

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে চকবাজার থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি চট্টগ্রাম কলেজের মূল ফটকের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের মিছিলে পাথর নিক্ষেপের ঘটনায় চকবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মিছিলে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।