চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে পাথর নিক্ষেপ, এতিমখানার ৩৫ ছাত্র আটক
ছাত্রলীগের হরতালবিরোধী মিছিলে পাথর ছুড়ে মারার অভিযোগে চট্টগ্রাম নগরের কদমমোবারক এতিমখানার ৩৫ ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় হরতালবিরোধী একটি মিছিল নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কদমমোবারক এতিমখানা থেকে মিছিলে পাথর মারা হয়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। মিছিলে পাথর ছুড়ে মারার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা পাল্টা পাথর নিক্ষেপ করেন এতিমখানার ছাত্রদের ওপর। এ সময় প্রায় ২০ মিনিট মোমিন রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এতিমখানায় অভিযান চালিয়ে পাথর নিক্ষেপের অভিযোগে ৩৫ ছাত্রকে আটক করে। এদের মধ্যে কয়েকজন শিবির কর্মী রয়েছেন বলে দাবি করেছেন ওসি।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম জানান, হরতালবিরোধী মিছিল নিয়ে ছাত্রলীগ যাওয়ার সময় কদমমোবারক এতিমখানা থেকে মিছিল লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন সেখানকার শিবির কর্মীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কদমমোবারক এতিমখানার পরিচালনা কামিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সব পক্ষের সঙ্গে কথা বলা ছাড়া এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি।