চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যুবলীগের কর্মী মেহেদী হাসান ওরফে বাদলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রলীগের বের করা মিছিলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের ষোলশহর-প্রবর্তক সড়কের বাদশা মিয়া পেট্রলপাম্পের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হন।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র কামবার হোসেন ও নাসির হোসেন। তাঁরা পায়ে আঘাত পেয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় পাঁচলাইশ থানা ছাত্রলীগের ব্যানারে সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পুলিশ সুপার কার্যালয় পেরিয়ে প্রবর্তক মোড়ের দিকে যাচ্ছিল। বাদশা মিয়া পেট্রলপাম্প এলাকা অতিক্রম করার সময় মিছিলের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে হাজির হলে হামলাকারীরা পালিয়ে যায়।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হাসান মাসুদ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও কিরিচ দেখা গেছে। মুহূর্তের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁর দাবি, হামলাকারীরা মেহেদী হত্যা মামলার আসামি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা যুবলীগের কর্মী মেহেদীকে হত্যা করে। এ ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা করা হয়।