চট্টগ্রামে ছাত্রলীগের সেই সমাবেশে অস্ত্রধারী যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৯ এপ্রিল বিকেলে ছাত্রলীগের সমাবেশে অস্ত্র নিয়ে যোগ দিয়েছিল দুই যুবক। সমাবেশের ভিডিওতে এ দৃশ্য ধরা পড়েছে। সেদিনের সমাবেশে হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয়। চেয়ার ছোড়াছুড়ির একপর্যায়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তবে কারা গুলি ছুড়েছিল, তা বের করতে পারেনি পুলিশ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই সমাবেশের আয়োজন করে নগর ছাত্রলীগের একাংশ। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের কর্মীরা ওই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে মেয়রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দেননি।
মেয়রপন্থী অংশের নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, নাসিম হত্যার প্রতিবাদে সমাবেশ ডাকা হয়েছিল। সেদিন সমাবেশে ঢুকে কিছু বিশৃঙ্খল যুবক চেয়ার ছোড়াছুড়ি ও ফাঁকা গুলি করে মুহূর্তের মধ্যে চলে যায়। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধারও হয়নি সেই অস্ত্র। এ ঘটনায় মামলা করেননি কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি, তাই মামলা করিনি।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘সেদিন গুলি হয়েছিল সত্য। তবে এত লোকের মধ্যে কে বা কারা গুলি করেছিল, তাদের শনাক্ত করা যায়নি। সমাবেশের ভিডিও দেখে অস্ত্রধারী যুবকদের শনাক্ত করা হবে।’