চট্টগ্রামে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে নগর ছাত্রলীগ। এতে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কাজীর দেউড়ি মোড়ের অদূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে নগরের লালখানবাজার ও জিইসি মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানায়, আহত ২৫ জনের মধ্যে ২ পুলিশসহ ১২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের আরও অন্তত ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমানের কপালের বাঁ দিকে ফেটে গেছে। আর কনস্টেবল পিকলু দের শরীরের স্পর্শকাতর অঙ্গে গুলি লেগেছে। তাঁরা দুজনই চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের দক্ষিণাংশে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে নির্মাণাধীন সুইমিংপুলের বিরোধিতা করে আসছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর বক্তব্য, সেখানে ডিসেম্বরে বিজয় মেলা হয়। অন্য সময় তরুণ-কিশোরেরা খেলাধুলা করে। চট্টগ্রামে খেলার মাঠ সীমিত। তাই এখানে সুইমিংপুল নির্মাণ করা যাবে না। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। গতকাল মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নগর কমিটির ব্যানারে সেখানে সুইমিংপুল নির্মাণের বিরুদ্ধে মানবন্ধনের কর্মসূচি ছিল।

মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির গত সোমবার শহীদ মিনার চত্বরে একই সভায় হাত মিলিয়ে আপাত বিরোধের অবসান ঘটান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত নগর ছাত্রলীগ সুইমিংপুলের বিরুদ্ধে কর্মসূচি পালন করতে গিয়ে পুরোনো বিরোধকে আবার উসকে দিয়েছে বলেই দলের একাংশ মনে করছে।

গতকাল বিকেল সাড়ে চারটা থেকে নগর ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী প্রায় এক ঘণ্টা স্টেডিয়াম-সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাঁরা আউটার স্টেডিয়ামের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ছাত্রলীগকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে। ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেন। প্রায় আধা ঘণ্টা এই সংঘর্ষ চলতে থাকে। এ সময় কাজীর দেউড়ি ও আশপাশের এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরীর পিঠে এবং মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক লিটন চৌধুরীর পেটে গুলি লেগেছে। নগর ছাত্রলীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনির ডান হাতের কবজির ওপরের অংশ কেটে যায়। এ ছাড়া মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত নিয়ে হাসপাতালে আসেন ছাত্রলীগের কর্মী মোহাম্মদ মানিক, মোহাম্মদ ফয়সল, নাবির আহমেদ, ইমরান খান, মোহাম্মদ আনিছ, এনায়েত উল্লাহ ও কৃষ্ণ শীল। গতকাল সন্ধ্যার আগে ছাত্রলীগের আহত নেতা-কর্মীরা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে চলে যান।

চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালটি ওয়ার্ডের চিকিৎসক আবু নাঈম প্রথম আলোকে বলেন, ‘তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত রোগী এসেছিলেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত মনে হয়েছে। গুলিবিদ্ধ তিনজনই রাবার বুলেটে আহত হয়েছেন বলে আমাদের ধারণা। পুলিশ ছাড়া আহত সবাই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যান।’

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আউটার স্টেডিয়ামের দক্ষিণ অংশে সুইমিংপুল নির্মাণ করা হচ্ছে। এই স্থাপনা নির্মাণের বিরুদ্ধে গতকাল বেলা সাড়ে তিনটায় নগর ছাত্রলীগ আউটার স্টেডিয়ামে ঘেরাও কর্মসূচি পালন শুরু করে। ছাত্রলীগের কর্মসূচির কারণে কাজীর দেউড়ি মোড় থেকে নেভাল অ্যাভিনিউ সড়ক পর্যন্ত সড়কে পুলিশ গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন প্রথম আলোকে বলেন, হামলা থামাতে পুলিশ ৪০-৪৫টি রাবার বুলেট ও ৩-৪টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মোস্তাইন হোসাইন আরও বলেন, সংঘর্ষে এসআই শহিদের কপাল ফেটে গেছে। কনস্টেবল পিকলু গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশের আরও ১৪-১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের সবাই আশঙ্কামুক্ত।

এক প্রশ্নের জবাবে মোস্তাইন হোসাইন জানান, কনস্টেবল পিকলু কার গুলিতে আহত হয়েছেন, তা পরীক্ষার আগে বলা যাবে না। তাঁর শরীরের গুলি বের করা হলে নিশ্চিত হওয়া যাবে। তবে মেডিকেলে চিকিৎসাধীন পিকলু দে প্রথম আলোকে জানান, ছাত্রলীগের সমর্থকদের বাধা দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।

মেডিকেলে চিকিৎসাধীন এসআই শহিদ ঘটনার বর্ণনা দিয়ে জানান, ছাত্রলীগের কর্মসূচির কারণে দুই প্লাটুন পুলিশ আউটার স্টেডিয়ামে অবস্থান নিয়েছিল। ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী সেখানে বিক্ষোভ করতে জড়ো হয়। ওরা স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা পুলিশের দিকে ইট-পাথর ছুড়তে থাকে। এক টুকরো ইট তাঁর কপালের বাঁ দিকে আঘাত করে। এতে তাঁর কপাল ফেটে যায়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম সংঘর্ষের জন্য কিছু উৎসাহী পুলিশ সদস্যকে দায়ী করেন। তিনি গতকাল বিকেলে হাসপাতালের বারান্দায় প্রথম আলোকে বলেন, ‘নগরে একের পর এক খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে। তাই আউটার স্টেডিয়াম সংকুচিত করে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছিলাম। রাস্তায় গাড়ি বন্ধ করে আমরা কর্মসূচি পালন করতে চাইনি। কারণ, এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। আমরা মাঠের ভেতরে কর্মসূচি করতে চাইলে পুলিশ আমাদের দিকে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের তিন নেতা-কর্মী গুলিবিদ্ধ এবং আরও ১০ জন আহত হয়েছেন।’

আহত নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী বলেন, পুলিশ বিনা উসকানিতে গুলি ছোড়ে এবং ইটপাটকেলও নিক্ষেপ করে। পুলিশের ছোড়া ইট এবং কাচের আঘাতে তাঁর ডান হাতের কবজির ওপরের অংশ কেটে যায়।

খেলার মাঠে সুইমিংপুল নির্মাণ বন্ধ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে গত রোববার স্মারকলিপি দিয়েছিল নগর ছাত্রলীগ।