চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষিকা আহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে চট্টগ্রামের কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা আহত হয়েছেন। তাঁর নাম প্রিয়াংকা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের রহমতগঞ্জ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত শিক্ষিকাকে এলাকার লোকজনের সঙ্গে হাসপাতালে নিয়ে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। তিনি বলেন, দেওয়ানবাজারের বাসা থেকে বের হয়ে রিকশাযোগে লাভলেন এলাকায় স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা প্রিয়াংকা। তাঁকে বহনকারী রিকশাটি জে এম সেন হলের সামনে পৌঁছার পর এক যুবক রিকশার গতিরোধ করে। এ সময় তাঁর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে শিক্ষিকাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী পালিয়ে যায়। আহত অবস্থায় শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরীকে স্থানীয় লোকজন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে দুপুরে বাসায় ফিরে যান তিনি।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, সকাল সাতটার দিকে এক স্কুলশিক্ষিকার গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করেছেন।