চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ চট্টগ্রাম নগরের পতেঙ্গা, বন্দরটিলা ও সিমেন্ট ক্রসিং এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাপাতি, ছুরি ও কাটার উদ্ধার করা হয়েছে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো সোহাগ হাওলাদার, সোহেল রানা, জনি হোসেন, আবদুস সালাম, রুবেল শরীফ, মোক্তার হোসেন, মো. কায়েস ও সায়মন সাদেক।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, শনিবার রাতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় কয়েকজন ছিনতাইকারী জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে বন্দরটিলা ও সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে, শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা। অস্ত্র উদ্ধার ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।