চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার চীনা দম্পতি
চট্টগ্রামে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চীনা দম্পতি। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে মঙ্গলবার সকালে বাসে করে লি লি লিওয়ের (৩০) নামের এক চীনা নাগরিক তাঁর স্ত্রীকে নিয়ে নগরের টাইগারপাসে নামেন। সেখান থেকে তাঁরা আগ্রাবাদ এলাকার একটি হোটেলে যান। সেখানে রুম পছন্দ না হওয়ায় রিকশায় করে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। তাঁদের রিকশাটি চৌমুহনী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা চীনা নাগরিকের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগের ভেতর বাংলাদেশি দুই লাখ টাকা, এক হাজার ডলার ও মূল্যবান কাগজপত্র ছিল। এ ঘটনায় চীনা নাগরিক লি লি লিওয়ের বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ভিডিও চিত্র নিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।