চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লাভলেইন এলাকায় দুই ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শেখ রিয়াজ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘একটি ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে ছোট ভাই শেখ রিফাত মাহমুদসহ রিকশায় ফিরছিলাম। টাকাগুলো বড় ভাইয়ের। তাঁর বাসা মেহেদীবাগে। লাভলেইন এলাকার নেভাল অ্যাভিনিউর কাছাকাছি পৌঁছার পর একটি সিএনজিচালিত অটোরিকশা গতিরোধ করে। ওই অটোরিকশায় চারজন ছিলেন। দুজন বেরিয়ে এসে আমাকে রিকশা থেকে নামায়। তাঁদের সঙ্গে কথা বলা শুরুর পর দেখি আমার ছোট ভাইকে টাকার ব্যাগসহ সিএনজিতে তুলে নিয়েছে। ওর চিৎকারে এগিয়ে যাই। অটোরিকশাটি আটকানোর চেষ্টা করি। কিছুদূর পর ছিনতাইকারীরা টাকার ব্যাগ রেখে আমার ভাইকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে ফেলে দেয়। আশপাশে অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু চিৎকার করার পরও কেউ সাহায্যে এগিয়ে আসেননি।’
রিয়াজ মাহমুদের বড় ভাই এস মাহমুদ শাহেদ বলেন, ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে দুই ভাই আহত হয়েছেন। ছিনতাইয়ের বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।