চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
প্রতিপক্ষের ছুরিকাঘাতে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় গিয়াস উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত গিয়াসের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে জানান, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে গতকাল বিকেলে গিয়াসকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, এলাকায় চাঁদাবাজি নিয়ে আবুল কালাম ও আলমগীর নামের দুই ব্যক্তির সঙ্গে গিয়াসের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়। তবে এ ঘটনায় নিহত গিয়াসের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। খুনের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।