চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রিমন দেব (২০) ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শাখার ছাত্র। তাঁর বাসা পতেঙ্গা থানার কাঠগড় হিন্দুপাড়া এলাকায়।
রিমনের ভাই রুবেল দেব গত রাত ১১টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রিমনকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা এখনো জানি না।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সদস্য আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিমন দেবকে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের মধ্যে বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাত ১১টায় ঘটনাস্থলে ছিলেন ইপিজেড ও পতেঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ইপিজেড থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই কথা বলেছেন ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ। খুনের ঘটনাটি কোন থানার সীমানার মধ্যে পড়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি দুই ওসি।