চট্টগ্রামে ছুরিকাঘাতে টেম্পোচালককে হত্যা
চট্টগ্রামে ছুরি মেরে ফয়সাল হোসেন ওরফে বাঘা (২৩) নামের এক টেম্পোচালককে খুন করা হয়েছে। গত রোববার রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির বাবা মো. ফেরদৌস গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, এলাকায় কিছু মাস্তান মানুষের ওপর অত্যাচার করত। তাঁর ছেলে এসবে প্রতিবাদ করত। গত শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে কিছু মাস্তানের সঙ্গে তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রোববার রাতে তাঁর ছেলেকে রাস্তায় একা পেয়ে মাস্তানেরা উপর্যুপরি ছুরিকাঘাত করে। তাঁর ছেলের গলা, বুক ও চোখে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। গুরুতর আহত অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালিশহর থেকে মো. জুয়েল ও মো. আলাউদ্দিন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে টেম্পোচালককে খুন করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।