চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ছুরিকাঘাতে মো. বাবু (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার ব্যাংক কলোনির একটি গলিতে এ ঘটনা ঘটে।
নিহত বাবুর বাড়ি পিরোজপুরে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বাবুর বড় ভাই মো. লিটন প্রথম আলোকে বলেন, ‘মনির হোসেন নামের এক নেশাগ্রস্ত যুবকের সঙ্গে বাবুর বন্ধুদের বিরোধ ছিল। শনিবার (গতকাল) বাসায় দুপুরের খাবার খেয়ে বাবু ব্যাংক কলোনিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। এ সময় মনির হোসেন তাকে ছুরিকাঘাত করে। বাবুর সঙ্গে কারও বিরোধ ছিল না।’ লিটন জানান, তাঁদের পরিবার ইপিজেড এলাকার গফুর কলোনিতে থাকে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বাবু ও মনির হোসেন একে অপরের পূর্বপরিচিত। ব্যাংক কলোনি এলাকায় গতকাল বিকেলে দুজনের মধ্যে তর্কাতর্কির জের ধরে মনির হোসেন বাবুকে ছুরিকাঘাত করেন। এরপর স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওসি জানান, মনির হোসেনকে স্থানীয় লোকজন পিটুনি দিয়েছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ছুরিকাহত অবস্থায় বিকেলে হাসপাতালে আনা হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত থানায় মামলা হয়নি।