চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. ফয়সাল (১৮) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের বাকলিয়া খালপাড়ের ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. কায়সার ও মো. আবদুল্লাহ নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ফয়সাল রাতে বাকলিয়া এলাকার কারখানা থেকে মিয়াখান নগরের বাসায় ফিরছিলেন। হেঁটে খালপাড় ব্রিজ এলাকায় পৌঁছার পর দুই যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই যুবকেরা ফয়সালকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ফয়সালকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে কায়সারকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে বাকলিয়া এলাকা থেকে আবদুল্লাহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত যুবক ফয়সালের বাবা আবদুল হামিদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।