চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম নগরে বন্ধুর ছুরিকাঘাতে মাকসুদ মিয়া (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাকসুদের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে। তিনি নগরের হালিশহরে একটি মেসে তাঁর বন্ধু মো. হোসেনের সঙ্গে এক কক্ষে থাকতেন। তিন মাস আগে চাকরির জন্য সন্দ্বীপ থেকে এসে তিনি এই বাসায় ওঠেন। প্রাথমিকভাবে টাকা নেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
ওই বাসার পাশের কক্ষের বাসিন্দা মো. সাগর গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মাকসুদ ও হোসেন বাসার একটি কক্ষে থাকতেন। হোসেন পেশায় টেম্পোচালক। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের কক্ষে হইচই শুনে পাশের কক্ষ থেকে তাঁরা ছুটে যান। এ সময় ঘরের ভেতর মাকসুদকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। তাঁরা ঘরে ঢুকতেই হোসেন দৌড়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় মাকসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে মাকসুদ জানান, হোসেন তাঁকে ছুরিকাঘাত করেছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকসুদের কাছে কিছু টাকা ছিল। সেই টাকা নিতে না পারায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি জানান, মাকসুদের পিঠে ছুরির আঘাত ছিল। হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের বড় ভাই মো. রিপন মিয়া বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন। মামলায় হোসেনকে আসামি করা হয়েছে। পলাতক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মো. রিপন মিয়া তাঁর ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।