চট্টগ্রামে ছুরিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার গোলাপের দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. কায়সার, মো. জিহাদ ও মো. খোকন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়া থেকে শাহেদুল ইসলাম নামের এক অটোরিকশাচালক যাত্রী নিয়ে নগরের সিঅ্যান্ডবি এলাকায় আসেন। যাত্রী নেমে যাওয়ার পর চার যুবক অক্সিজেন এলাকায় রোগী দেখতে যাওয়ার কথা বলে জোর করে তাঁর অটোরিকশায় উঠে পড়েন। চালক যেতে না চাইলে তাঁকে ছুরির ভয় দেখিয়ে যেতে বাধ্য করা হয়। পথে চালকের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি টহল পুলিশের নজরে আসে। পরে গোলাপের দোকান এলাকায় অটোরিকশাটি থামানো হয়। ছুরিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। চালকের পাশে বসা মো. হাবিব নামের আরেক ছিনতাইকারী পালিয়ে যান।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন স্বীকার করেছেন যে এক নারীকে অনুসরণ করছিলেন তাঁরা। ওই নারীরর কাছে অনেক টাকা ছিল। টাকা ছিনতাই করতেই জোর করে তাঁরা অটোরিকশাতে উঠে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া তিনজনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।