চট্টগ্রামে ছয়টি ওষুধের দোকানকে জরিমানা

অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, গরু মোটাতাজা করার ওষুধ, ভায়াগ্রা ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে ছয়টি দোকানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বহদ্দারহাট এলাকার হক মার্কেটে এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, জব্দ করা উচ্চমূল্যের ফুড সাপ্লিমেন্টগুলো বিভিন্ন ভিটামিনের নামে বিক্রি করা হতো। অথচ আদতে এসব ওষুধে কোনো ভিটামিন নেই। অভিযান চালানো ছয়টি দোকানের মধ্যে পাঁচটিতে প্রায় পাঁচ লাখ টাকার ফুড সাপ্লিমেন্ট পাওয়া গেছে। দোকানগুলোকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ফুড সাপ্লিমেন্ট ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে মেসার্স ইদ্রিস ফার্মেসিকে ৩০ হাজার, মেসার্স শাহ আমানত ফার্মেসিকে ২০ হাজার, মেসার্স যমুনা ফার্মেসিকে ২০ হাজার, আজগর শাহ ফার্মেসিকে ২০ হাজার ও মেসার্স চাঁদগাঁও ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেসার্স শর্মি মেডিকেল নামের আরেকটি দোকানকে গরু মোটাতাজা করার ওষুধ, ভায়াগ্রা ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।