চট্টগ্রামে জঙ্গি দম্পতি ১০ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতে তিন মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে আজ বুধবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন জহুরুল হক ওরফে জসীম ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় ১২ দিনের রিমান্ড শেষে জঙ্গি দম্পতিকে আজ আদালতে হাজির করে সীতাকুণ্ড থানার পুলিশ। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করতে ওই দুই মামলায় আরও ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হত্যা মামলায় ওই দুজনকে ফের তিন দিন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জহুরুল হক ও রাজিয়া সুলতানাকে। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক কিলোমিটার দূরে প্রেমতলা এলাকায় ‘ছায়ানীড়’ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযানের সময় আত্মঘাতী হামলায় মারা যান এক নারীসহ চার জঙ্গি এবং এক শিশু। এ ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। বুধবারে ওই দম্পতিকে চার মামলায় মোট ২৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান আরও বলেন, সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার ওই দম্পতিকে মিরসরাই থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন একই আদালত। তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন আদালতে এ আবেদন করেন। একই সঙ্গে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আদালতে জঙ্গিদের কোনো আইনজীবী ছিলেন না। বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জিজ্ঞাসাবাদ করার জন্য সীতাকুণ্ড থানার পুলিশ তাঁদের নিয়ে যায়। পরে মিরসরাই থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নিয়ে যাবে।

গত ৭ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যান দুই জঙ্গি। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারেন। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় মো. হাসান ও আহমেদ ইমতিয়াজ ওরফে জসিমকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ৮ মার্চ মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান উদ্দিনের মালিকানাধীন রিদওয়ান মঞ্জিলে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির নিচতলায় ওই দম্পতি ভাড়া থাকতেন। বাড়িটি থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।