চট্টগ্রামে জঙ্গি দম্পতির ফের ১২ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার জঙ্গি দম্পতি জহুরুল হক ওরফে জসিম এবং রাজিয়া সুলতানা ওরফে আর্জিনাকে জিজ্ঞাসাবাদ করতে দুই মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকার ছায়ানীড় নামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই আত্মঘাতী হামলায় চার জঙ্গি ও এক শিশু মারা যায়। গত ১৬ মার্চ এ ঘটনায় হত্যা ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা হয়।
এ এইচ এম মশিউর রহমান বলেন, এর আগের দিন ওই বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সাধন কুটির নামে একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ জহুরুল ও রাজিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ মার্চ দুটি মামলায় প্রথম দফায় তাঁদের ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৮ মার্চ আরেকটি মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেয় সীতাকুণ্ড পুলিশ।

আদালত পরিদর্শক জানান, রিমান্ড শেষ হওয়ার পর আজ শনিবার তাঁদের আদালতে হাজির করে ছায়ানীড় বাড়ির ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ১৫ দিন ও সন্ত্রাস বিরোধী আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত হত্যা মামলায় সাত দিন ও সন্ত্রাস বিরোধী মামলায় পাঁচ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে জঙ্গিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।