চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন রিমান্ডে
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ছয় যুবকের মধ্যে চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
ওই চার যুবক হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থানার অস্ত্র আইনের মামলায় চার যুবককে জিজ্ঞাসাবাদ করতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই চারজনকে গত রোববার থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। সেই রিমান্ড শেষে তাঁদের গতকাল আদালতে হাজির করে আবার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জানান, গ্রেপ্তারকৃত ছয় যুবকের মধ্যে আরিফুল মোস্তফা ও তৌহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল তাঁর রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামিরা জঙ্গি কার্যক্রম পরিচালনা করে সরকার উৎখাত এবং রাষ্ট্রের ক্ষতি সাধনের জন্য সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় জড়ো হন। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ ও গুরুত্বপূর্ণ তথ্য আদায়ে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও অর্থের জোগানদাতাকে শনাক্ত করা প্রয়োজন।
১০ জুলাই সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়। আর ১৪ জুলাই বাড়বকুণ্ড থেকে আরিফুল ও ফটিকছড়ি থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়।