চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিদেশিসহ গ্রেপ্তার ৫
জঙ্গি সন্দেহে চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে দুই বিদেশিসহ পাঁচজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, আজ বেলা পৌনে একটার দিকে নগরের জিইসি মোড়ে ‘লর্ডস ইন’ নামের একটি আবাসিক হোটেল থেকে জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। এরপর তাঁদের নগরের লালদীঘির পাড়ে ডিবির কার্যালয়ে আনা হয়। পরিচয় জানতে চাইলে আটক হওয়া ব্যক্তিরা নিজেদের মোহাম্মদ আলম, আবদুল মজিদ, সালামতউল্লাহ, মো. সফিউল্লাহ ও মোহাম্মদ আমিন বলে পরিচয় দেন। তাঁদের মধ্যে মোহাম্মদ আলমের পাকিস্তানের এবং আবদুল মজিদের সৌদি আরবের পাসপোর্ট রয়েছে।
কুসুম দেওয়ান জানান, জিজ্ঞাসাবাদে নিজেকে ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্ট্রাল’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালক দাবি করেন মোহাম্মদ আলম। তাঁর দাবি, ওই এনজিওর সদর দপ্তর নেদারল্যান্ডসে অবস্থিত।
আটক আবদুল মজিদের দাবি, তিনি সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করেন। তাঁর মা-বাবা রোহিঙ্গা ছিলেন।
আটক মোহাম্মদ আমিন নিজেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়ান নগর গ্রামের বাসিন্দা বলে দাবি করেন। কিন্তু তিনি ওই গ্রাম কোন ইউনিয়নে অবস্থিত এবং ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যানের নাম বলতে পারেননি।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ওই পাঁচজনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।