চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ গ্রেপ্তার ৪
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও এক কলেজছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সল বিন আজিজ, হিসাববিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র সুলতান মাহমুদ, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফখরুল আবেদীন।
গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, নগরের বাকলিয়া কল্পলোক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ফয়সল বিন আজিজকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ‘আদর’ নামের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আসার কথা স্বীকার করেন। হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত বলে জানান। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের পাঁচলাইশ মোমিনবাগ এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাঁর সহযোগী সুলতান, আরিফ ও ফখরুলকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে হিযবুত তাহ্রীরের ৫০টি লিফলেট, ৬০টি প্রেস বিজ্ঞপ্তি ও পাঁচটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন বাদী হয়ে আটক চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এ মামলায় আজ সোমবার সন্ধ্যা ছয়টায় চারজনকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই ইমন চৌধুরী আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কোনো রিমান্ডের আবেদন করেননি আদালতে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হবে। আজ আদালতে আসামিদের কোনো স্বজন ও আইনজীবীকে পাওয়া যায়নি।
আজ সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে গ্রেপ্তার চারজন পুলিশি পাহারায় প্রথম আলোর কাছে তাঁরা জঙ্গি নয় বলে দাবি করেন। তাঁরা হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত নন বলেও জানান। গ্রেপ্তার ফয়সল বিন আজিজের বাসা নগরের হালিশহরে। তিনি কেন বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় গিয়েছেন—জানতে চাইলে বলেন, ‘আদর নামের এক বড় ভাই কল করেছিলেন তাই দেখা করতে গেছি। এর আগেই পুলিশ ধরে ফেলে।’ বড় ভাইয়ের পরিচয় জানাননি ফয়সল।
গ্রেপ্তার আরেক আসামি সুলতান মাহমুদ বলেন, হিযবুত তাহ্রীরের কয়েকজনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তিনি এ সংগঠনের সঙ্গে জড়িত নন। তাঁদের মেসে কীভাবে হিযবুত তাহ্রীরের লিফলেট এল—ওই প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বড় ভাই এগুলো বিলির জন্য দিয়েছিলেন। তিনি বিলি করেননি।
এদিকে পুলিশ গতকাল রোববার তাঁদেরকে গ্রেপ্তারের কথা মামলার এজাহারে উল্লেখ করলেও চারজনই দাবি করেছেন, তাঁদেরকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ।