চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের আন্দরকিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কাজী নুরুল আলমের বিরুদ্ধে হত্যা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে।
সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন নুরুল আলম। নির্বাচন সামনে রেখে কর্মী-সমর্থকদের নিয়ে আন্দরকিল্লার একটি স্কুল ভবনে প্রস্তুতি সভা করছিলেন তিনি। খবর পেয়ে নগরের কোতোয়ালি থানার পুলিশ নুরুল আলমকে গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, কাজী নুরুল আলমের নেতৃত্বে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কাজী নুরুল আলমের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির নুরুল হোসেন।