চট্টগ্রামে জামায়াত শিবিরের ৮ নেতা কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ড থেকে জামায়াত ও শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে হাটহাজারী সদর এলাকা থেকে সাতজনকে এবং দুপুরে সীতাকুণ্ড থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে সহিংসতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, হাটহাজারী কলেজ রোডের একটি বাড়িতে গতকাল সন্ধ্যায় গোপন বৈঠকে মিলিত হন জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে হাটহাজারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোবারক হোসেনও রয়েছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বাকি ছয়জনের বিরুদ্ধে মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, আটক সাতজন হলেন মো. মোবারক হোসেন, মাহফুজুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, মো. শাহাদাত হোসেন, হাসান মোহাম্মদ, মোহাম্মদ মিয়া ও মো. আলাউদ্দিন।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা রেজা বলেন, ‘সাতজনই নাশকতার ছক তৈরি করতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তা স্বীকার করেছেন।’
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির শফিকুল মাওলাকে পুলিশ গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে। উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শফিকুলের বিরুদ্ধে নাশকতা-সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।