চট্টগ্রামে জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাল স্ট্যাম্পসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের পাশে আইনজীবী এনেক্স ভবনের নিচতলার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম মঈন উদ্দিন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুই হাজার জাল স্ট্যাম্পসহ মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি স্ট্যাম্প ১০ টাকার।

স্ট্যাম্পগুলো কীভাবে তৈরি করা হয়, এর সঙ্গে কারা জড়িত তা জানতে তাঁকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার। তিনি বলেন,  মঈন উদ্দিনের বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকান্দর আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

গতকাল দুপুরে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার মঈন উদ্দিন তাঁর কাছে থাকা স্ট্যাম্পগুলো জাল বলে স্বীকার করেন। তিনি বলেন, তাঁর সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। তাঁদের কাছ থেকে তিনি জাল স্ট্যাম্প সংগ্রহ করেন। তবে তাঁরা জাল স্ট্যাম্প কোথা থেকে সংগ্রহ করেন, তা তিনি জানেন না বলে দাবি করেন।