চট্টগ্রামে জিল্লুর ভান্ডারী হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

বাদীর আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, রায়ে মোহাম্মদ খোকন ও ইসমাইলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামি মো. আবু, মো. কামাল, মোহাম্মদ জসিম, তোতা মিয়া, মোহাম্মদ নাসির ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের মধ্যে খোকন ছাড়া বাকিরা পলাতক।

২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় ফটকের সামনে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন তাঁর ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর সিআইডি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করা হয়।

নিহতের ভাই মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের এ আদেশে তাঁরা সন্তুষ্ট। তবে খালাস পাওয়া পাঁচ আসামির বিরুদ্ধে আপিল করবেন কি না, তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন।