চট্টগ্রামে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ির কামাল গেট এলাকায় নিজ বাড়ির সামনে খুন হয়েছেন এক ঝুট ব্যবসায়ী। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পর সন্ত্রাসীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিহত ব্যবসায়ীর নাম আবদুল জাহেদ (৪৫)। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
তবে নিহত জাহেদের স্বজনদের অভিযোগ, ছাত্রলীগ নামধারী স্থানীয় যুবক মো. আনিসের মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় জাহেদকে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকায় জাহেদ নগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ওরফে রয়েলের অনুসারী হিসেবে পরিচিত।
জানতে চাইলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কামাল গেটে আনিস নামে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী নেই। আনিস সন্ত্রাসী।’
জাহেদের ছোট ভাই আবদুল হাশেম বলেন, তিন বছর আগে জাহেদের স্ত্রী মিনু আক্তার মারা যান। জাহেদের দুই মেয়ে ও এক ছেলে। সবার বড় মেয়েটির বয়স সাত বছর। তিন শিশুসন্তানকে দেখার আর কেউ রইল না।
আবদুল হাশেম বলেন, সোমবার রাতে পাড়ার এক ছোট ভাইয়ের মেহেদির অনুষ্ঠান ছিল। সেখান থেকে রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ পর পর দুটি গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখতে পান ৩০ থেকে ৪০ জন যুবক চলে যাচ্ছে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে কিরিচ। এ সময় হঠাৎ দেখতে পান তাঁর ভাই জাহেদ ঘরের সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিৎসক তাঁর ভাইকে মৃত ঘোষণা করেন।
আবদুল হাশেমেরা পাঁচ ভাই। তাঁরা পশ্চিম মাদারবাড়ির কামাল গেট এলাকায় পাশাপাশি কয়েকটি টিনের ঘরে পরিবার নিয়ে থাকেন। এর মধ্যে যে ঘরে জাহেদ থাকতেন সেখানে রাতে আর কেউ থাকত না। তাঁর ছেলেমেয়েরা চাচা ও জ্যাঠাদের সঙ্গে থাকে।
লাশের সুরতহাল করেন সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম। তিনি বলেন, জাহেদের ডান চোখের নিচে ও ডান কানের নিচে দুটি ছররা গুলি লেগেছে। এ ছাড়া তাঁর হাঁটুসহ কয়েকটি স্থানে জখমের চিহ্ন ছিল।
জানতে চাইলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মো. মুজিব নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।