রাঙ্গুনিয়ায় ঝোপ থেকে আ.লীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের পাশে ঝোপ থেকে আলতাফ হোসেন ওরফে কানা আলতাফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁর লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুইঞা বলেন, ‘লাশ আলতাফের বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি।’
আলতাফ মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানা যায়
সরেজমিনে বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, কাপ্তাই সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়। ঝোপের ভেতর রক্তাক্ত লাশ মৃতদেহের পাশে পিস্তল পড়ে আছে।
আলতাফের ছোট ভাই মো. সুমন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের একটি সালিস বৈঠকে ছিলেন। পরে ডিবি পুলিশ পরিচয়ে কিছু মানুষ সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে নিয়ে যান। আজ কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাশে কাটাখালী এলাকার ঝোপের ভেতর তাঁর গুলিবিদ্ধ লাশ দেখতে পান পথচারীরা।
মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক হিরু বলেন, নিহত আলতাফ মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।