চট্টগ্রামে টাকা ছিনতাই, পরে উদ্ধার
চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে ছিনতাই হওয়া দুই লাখ ১৯ হাজার টাকার মধ্যে ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রুবেল পারভেজ ও নুরুজ্জামান রানা।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকার ‘কার হেভেন’ নামের গাড়ির শো-রুমের মালিক জানে আলম গতকাল বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকার একটি ব্যাংক থেকে ২ লাখ ১৯ হাজার টাকা তোলেন। সেখান থেকে তিনি হেঁটে তিন পুলের মাথায় আরেকটি ব্যাংকে যাচ্ছিলেন। এনায়েতবাজার এলাকায় তিন ছিনতাইকারী তাঁকে থামিয়ে টাকার থলেটি ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের জনতা এগিয়ে এসে রুবেল ও নুরুজ্জামানকে ধরে ফেলে। এর মধ্যেই আদনান নামের আরেক ছিনতাইকারী থলেটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দুই ছিনতাইকারীকে নিয়ে অভিযানে নামে। আটক ছিনতাইকারী রুবেল পালিয়ে যাওয়া আদনানকে ফোন করে নগরের চকবাজারে তার মায়ের কাছে ছিনতাই করা টাকা দিয়ে যেতে বলে। পুলিশ সন্ধ্যায় রুবেলের মায়ের কাছ থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় ব্যবসায়ী জানে আলম কোতোয়ালি থানায় মামলা করেছেন।