চট্টগ্রামে টিভি সাংবাদিকদের ওপর দুর্বৃত্তের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় পাহাড় কাটার দৃশ্য ধারণ করার সময় হামলার শিকার হয়েছেন বৈশাখী টিভির দুই সাংবাদিক ও ক্যামেরাম্যান। গত শনিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় খুলশী থানায় অভিযোগ করা হয়েছে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন মিঠুন মোস্তাফিজ ও মহসীন চৌধুরী এবং ক্যামেরাম্যান আহাদুল ইসলাম। তাঁরা শনিবার রাতে দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কাটার দৃশ্য ধারণ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। এ সময় একজন লোক তাঁদের ওপর হামলা চালায়।
ঘটনার বর্ণনা দিয়ে বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান মহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খুলশী এলাকায় রাতে পাহাড় কাটা হয়। ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার দৃশ্য ধারণ করা হচ্ছিল। ক্যামেরা দেখে পাহাড় কাটায় নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে গেলেও একজন লোক হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘টিভির সাংবাদিকেরা গভীর রাতে আমাদের সহায়তা নিয়ে পেশাগত কাজ করতে পারতেন। হঠাৎ করে তাঁরা হামলার শিকার হয়েছেন। এ-সংক্রান্ত একটি জিডি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
ওসি বলেন, ‘দক্ষিণ খুলশীর ওই এলাকায় চুরি করে পাহাড় কাটা হচ্ছিল। আমি নিজেই পরিবেশ অধিদপ্তরকে দিয়ে একটি মামলা করিয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমরা পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করছি। ওই মামলার কারণে অনেক দিন সেখানে পাহাড় কাটা বন্ধ ছিল। দুর্বৃত্তরা আবার পাহাড় কাটা শুরু করেছে।’