চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহতের ঘটনায় চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ এপ্রিল চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ইকবাল উদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী সখিনা ফাতেমি
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

আটক ট্রাকচালকের নাম আলী হোসেন। গতকাল রোববার রাতে রাজবাড়ী জেলা থেকে তাঁকে আটক করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকচালক আলী হোসেনকে আটক করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

৬ এপ্রিল চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ইকবাল উদ্দিন চৌধুরী (৪০) ও তাঁর স্ত্রী সখিনা ফাতেমি (৩২)।

সখিনা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। অফিস শেষে স্বামী ইকবাল তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারায় এই দম্পতি।

সখিনা নগরের মোস্তফা-হাকিম কে জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষক ছিলেন। তাঁর স্বামী ইকবাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা নগরের ফিরোজ শাহ কলোনিতে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি মিরসরাই।

ঘটনার পর ট্রাকটি জব্দ করে কোতোয়ালি থানা-পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে যান। এখন ট্রাকচালককে আটক করল র‍্যাব।

ট্রাকচাপায় ইকবাল-সখিনা দম্পতি নিহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন