চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা সবাই ডাকাত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো আবুল কাশেম, মিজানুর রহমান, মোরশেদ আলম, জালাল আহমেদ ও আইয়ুব। তাদের কাছ থেকে দুটি এলজি, চারটি কার্তুজ ও ঘরের দরজা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, শাহ আমানত সেতু এলাকায় বসে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার কাতারপ্রবাসী নুর হোসেনের ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আইয়ুব, কাশেম, মিজান ও মোরশেদ। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকলিয়া তুলাতুলী এলাকা থেকে একটি এলজিসহ জালালকে গ্রেপ্তার করা হয়। তারা বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার কাতারপ্রবাসী নুর হোসেনের ঘরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করে পুলিশের কাছে।
ওসি জানান, গ্রেপ্তার আইয়ুবের বিরুদ্ধে পটিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। মিজান ও মোরশেদ ছাড়া অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। মিজান ও মোরশেদের বিরুদ্ধে মামলা না হলেও তারা কয়েকটি বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে।