চট্টগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ছয়জন
চট্টগ্রাম নগরে অস্ত্র, ওয়াকিটকি ও হাতকড়াসহ ছয় ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশের দাবি, তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতির সঙ্গে যুক্ত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো হুমায়ুন কবির, ইব্রাহিম ওরফে জসীম, ইমরান আলী, সাইফুল ইসলাম ওরফে মনা, শাহাদাত হোসেন ও ইমরান হোসেন। গত মঙ্গলবার রাতে নগরের বাকলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সুমন দাশ নামের এক যুবক বান্দরবান যাওয়ার জন্য কালামিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হুমায়ুন কবির ও জসীম নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই যুবককে হাতকড়া পরিয়ে একটি মোটরসাইকেলে তোলে। মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও চার হাজার টাকা কেড়ে নেওয়া হয়। মোটরসাইকেলটি বাকলিয়ার তুলাতুলি বাজার এলাকায় পুলিশের তল্লাশিচৌকির সামনে পড়ে। তখন সুমন বলেন, পুলিশ তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এ কথা শোনার পর হুমায়ুন ও জসীমকে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে হুমায়ুন ও জসীমও গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়।
ওসি জানান, পরে হুমায়ুন ও জসীমের তথ্য অনুযায়ী বাকলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এর আগে জসীম ২০০১ সালে হাটহাজারী থানা-পুলিশের হাতে পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল।
এ ঘটনায় সুমন দাশ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় গতকাল বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।