চট্টগ্রামে ডেকে নিয়ে যুবদলের কর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে দিনদুপুরে সাইদুল ইসলাম (২৪) নামে যুবদলের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

যুবদলের দাবি, রাজনৈতিক কারণে সাইদুলকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত সাইদুলের বড় ভাবি নাজমা বেগম প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে দুই যুবক সাইদুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাসার পাশের মুরগি ফার্ম এলাকার কাজীর পুকুরপাড়ে চার যুবক ছোরা দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। পরে হত্যাকারীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। তাঁর দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতেও ওই যুবকের সঙ্গে ঝগড়া হয়েছিল সাইদুলের। তাঁরা এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পর চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘সাইদুল যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে যুবলীগের এক নেতা নেতৃত্ব দিয়েছেন বলে আমরা খবর পেয়েছি।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, সাইদুল কেবল ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা ও নারীসংক্রান্ত বিরোধের জের ধরে সহযোগীরা তাঁকে হত্যা করতে পারে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা
যায়নি। তিনি জানান, সাইদুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আটটি মামলা আছে। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলছে।