চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরের উত্তর কূলগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমান গনি (২২), মোহাম্মদ আলমগীর (৩৫) ও নেজাম উদ্দিন (২৫)। ওসমান ও নেজাম গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
পুলিশ জানায়, বায়েজিদ থানার বালুছড়া এলাকার পোশাক কারখানার শ্রমিক এক তরুণী গত শনিবার রাতে ধর্ষণের শিকার হন। তরুণীর সহকর্মী ওসমানের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে।
এজাহারের বরাত দিয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ঘটনার দিন রাতের পালার কাজ শেষে ওই তরুণীসহ ছয় নারীশ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন সহকর্মী ওসমান। অন্যদের পৌঁছে দেওয়ার পর ওই তরুণীকে নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দেন তিনি। পথে স্থানীয় কয়েকজন বখাটে তাঁদের পথরোধ করে। তরুণীকে বখাটেদের হাতে তুলে দেন ওসমান। ওসি বলেন, পরে চারজন মিলে তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানাতে তরুণীকে নিষেধ করেন ওসমান। তিনি তরুণীকে বিয়ে করবেন বলেও আশ্বাস দেন। এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের বিষয়টি সোমবার এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর তরুণী থানায় গিয়ে মামলা করেন। মামলায় ওসমানকে ধর্ষণের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে। মামলার পর সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনায় আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। বাকি দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।