চট্টগ্রামে তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রণি। অভিযোগ আমলে নিয়ে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিকেলে আদেশ দেন আদালত।
বাদীর আইনজীবী রণি কুমার দে প্রথম আলোকে বলেন, তারেক রহমান গত সোমবার লন্ডনে দেওয়া এক বক্তৃতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। রাষ্ট্রের সৃষ্টি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। এ জন্য দণ্ডবিধির ১২৩ (এ) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় চারজনকে সাক্ষী রাখা হয়েছে।
আরজিতে উল্লেখ করা হয়, তারেক রহমান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন লাখো মানুষ যখন রণাঙ্গণে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার তখন খুনি ইয়াহিয়ার সেনা পাহারায় নিরাপদে দিন কাটাচ্ছিলেন। আওয়ামী লীগের নেতারা ছিলেন কলকাতায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল হলেও মুক্তিযুদ্ধ পক্ষের দল নয় বলে মন্তব্য করেন তারেক রহমান।
বাদী নুরুল আজম রণি জানান, তারেক রহমানের বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব মাধ্যমে তাঁরা জানতে পারেন। মামলার আরজির সঙ্গে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোও দেওয়া হয়েছে আদালতে।