চট্টগ্রামে তিন কেজি সোনা জব্দ, আটক ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সন্ধ্যায় প্রায় তিন কেজি ওজনের ২৫টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলোর দাম প্রায় সোয়া কোটি টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে জানান, ওমান এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে সন্ধ্যা সাতটায় চট্টগ্রামে আসেন আবসার উদ্দিন নামের এক যাত্রী। উড়োজাহাজ থেকে নামার পর তাঁর গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে ডেকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর হাতব্যাগ থেকে ২৫টি সোনার বার উদ্ধার করা হয়। তিনি জানান, আবসার উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ২০০ গ্রাম ওজনের সোনার বার আনতে পারেন। এ জন্য শুল্ককর পরিশোধ করতে হয়।