চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের সরকারি চাল খোলাবাজারে বিক্রি না করে বেশি দামে দোকানে বিক্রি করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

তিন খাদ্য পরিদর্শক হলেন এস এম সাহাবুদ্দিন, মো. শাহনেওয়াজ ও শুভজিৎ দে। দুই ডিলার হলেন সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের তদন্ত শেষে গত মঙ্গলবার ওই তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তিন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদক চট্টগ্রামের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে ডাকা হলে পাঁচজন আসেন। পরে তাঁদের আটক করা হয়।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ন্যায্যমূল্যের সরকারি চাল খোলাবাজারে বিক্রি না করে বেশি দামে বিক্রির বিষয়টি দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক অজয় কর্মকার অনুসন্ধান করছেন। অনুসন্ধানে তিন খাদ্য পরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ জন্য দুদকের পক্ষ থেকে গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিন খাদ্য পরিদর্শকের পক্ষে আইনজীবী ছিলেন ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি জানান, দুদক তিন খাদ্য পরিদর্শকসহ আটক পাঁচজনের বিরুদ্ধে এখনো কোনো মামলা করেনি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান করছে। অনুসন্ধানে সত্যতা পেলে দুদক প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিয়ে মামলা করবে। এরপর দুদক আসামিদের আটক কিংবা গ্রেপ্তার করবে। কিন্তু অনুসন্ধান পর্যায়ে কাউকে এভাবে গ্রেপ্তার করা হলে আতঙ্কে লোকজন ঘর থেকে বের হবে না।