চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ঘি ও বেকারি পণ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত নগরের আগ্রাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযান পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে উত্তর আগ্রাবাদের থ্রি স্টার ঘি কারখানাকে ১০ হাজার টাকা এবং আগ্রাবাদের হাজীপাড়া এলাকার মদিনা বেকারি ও ফুড ম্যাক্স কারখানাকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্য তৈরি করে আসছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে।